দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্ডল বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বুলবুল মন্ডল আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম মন্ডল বুলবুল ভাংনাহাটি গ্রামের মৃত হযরত আলী মন্ডলের ছেলে। তিনি শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলায় দীর্ঘদিন ধরে বুলবুল মন্ডল আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার ভাংনাহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, বুলবুল মন্ডলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত তিনটি হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে।