মো. একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা, রোগবালাই কম হওয়া আর কৃষকদের যতেœর কারণে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে ধানের আবাদ ও উৎপাদন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৬০ হেক্টর জমি। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪ হাজার ৮০ হেক্টর জমিতে বোরো চাষ করেছেন কৃষকরা। এর মধ্যে হাইব্রিড জাতের ধান চাষ হয়েছে ৬৩০ হেক্টর জমিতে। বাকি ৪ হাজার ১৭০ হেক্টর জমিতে চাষ হয়েছে উফশী জাতের ধান।
চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৭ হাজার ৫৮ মেট্রিক টন চাল। তবে সবকিছু ঠিক থাকলে এবার প্রায় ১৮ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
ইতোমধ্যে উপজেলার ৩ হাজার ২২০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। যা মোট আবাদি জমির প্রায় ৬৫ শতাংশ। বাকি জমির ধান কাটার কাজ চলছে পুরোদমে।
হাটহাজারী উপজেলা কৃষি অফিসার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এবার হাইব্রিড জাতের ধানের গড় ফলন হেক্টরপ্রতি ৪ দশমিক ৪৫ মেট্রিক টন। আর উফশী জাতের ধানের গড় ফলন হেক্টরপ্রতি ৩ দশমিক ৫০ মেট্রিক টন চাল পাওয়া যাচ্ছে। আবহাওয়া ভালো থাকলে এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার হাটহাজারীতে বোরো ধানের রেকর্ড উৎপাদন হবে বলে আশা করছি। এখন মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। কৃষকরা বলছেন, ফলন ভালো হওয়ায় এবার লোকসানের ভয় নেই।