স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকার মেহেদী হাসান দিগন্ত (১৭) নামে এক কলেজছাত্রের লাশ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতুর নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বন্ধুদের সঙ্গে ৩০০ ফিট এলাকায় বেড়াতে যাওয়ার পর তার লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ করা হয়েছে।
নিহত মেহেদী হাসান দিগন্ত গাজীপুর বিজ্ঞান কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং গাজীপুর মহানগরের হাতিয়াব এলাকার সিরাজ মোড়লের ছেলে।
নিহতের চাচাতো ভাই আতিকুর রহমান অভিযোগ করে বলেন, 'কয়েকজন বন্ধু বেড়ানোর কথা বলে পরিকল্পিতভাবে দিগন্তকে ৩০০ ফিট এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে হত্যা করার পর লাশ কাঞ্চন সেতুর নিচে ফেলে রেখে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে প্রচার করার চেষ্টা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। শুক্রবার (২৮ আগস্ট)রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দিগন্তের সঙ্গে থাকা তার বন্ধু তুহিন ফোন করে দুর্ঘটনার খবর জানায়। তবে ঘটনাস্থল ও লাশের অবস্থাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি।'
এদিকে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাহউদ্দিন বলেন, 'প্রাথমিকভাবে ঘটনাটি দেখে আমাদের কাছে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।'
পুলিশ জানিয়েছে, মেহেদী হাসান দিগন্তের মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনাস্থলে তার সঙ্গে কারা ছিলেন এবং এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।