ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে একটি স্বর্ণের দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের চাল কেটে সিন্ধুক ভেঙে প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ধামরাই বাজারের অভিক জুয়েলার্স নামক জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। দোকানের মালিক বিপ্লব কুমার পাল জানান, প্রতিদিনের ন্যায় মত রাত ৮ টার দিকে দোকানে তালা দিয়ে বাসায় চলে যায়। পরে সকাল বেলা কর্মচারী দোকানে এসে সার্টার খুলে দেখে সিন্ধুকের তালা ভাঙ্গা। সে আমাকে ফোন দিয়ে জানালে দোকানে আসি। চোরেরা চালের টিন কেটে দোকানের ভেতরে ঢুকে এ চুরির ঘটনা ঘটিয়েছে। এতে স্বর্ণ ও রুপার প্রায় ১৫ লাখ টাকার অলংকার নিয়ে গেছে।

ধামরাই জুয়েলারি ও স্বর্ণ বনিক সমিতির সদস্য মোবারক হোসেন জানান, এর আগেও এ ধরনের কয়েকটা চুরির ঘটনা ঘটেছে। নৈশ্ব প্রহরী থাকলেও তা শুধু নামেমাত্র। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় থানা পুলিশ। পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটন ও চোরদের শনাক্ত করতে দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।