পিরোজপুর সদর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত ৯ আগস্ট সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, ‘আজকে আমরা আপনাদের যা দেবো, তা কোনো অর্থ সহায়তা নয়, বরং এটি একটি শুভেচ্ছা উপহার। সমাজে যাদের আর্থিক সমস্যা রয়েছে, তাদের সুখে-দুঃখে সবার পাশে দাঁড়ানো উচিত। আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা সামান্য দায়িত্ব পালন করেছি।’

তিনি উপকারভোগীদের দেওয়া অর্থকে পুঁজি হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, এই অর্থের সঙ্গে নিজেদের সামর্থ্য অনুযায়ী আরও কিছু যোগ করে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে হবে। পিরোজপুরের অবকাঠামো, স্কুল-কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে জেলার মানুষ আরও উন্নয়নমূলক কাজ দেখতে পাবেন।

অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, সমাজের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পর্যায়ক্রমে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

পিরোজপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব বলেন, ‘আমাদের সম্পদ প্রয়োজনের তুলনায় অনেক কম, কিন্তু অভাব অনেক বেশি। আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সমস্যা দূর করার জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালাবো।’ তিনি বলেন, বরাদ্দের অর্থ লুটপাট না করে তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এ সময় তিনি বিগত শাসনামলের লুটপাটের প্রসঙ্গও তুলে ধরেন।

জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকের পরিচালনায় এবং মাওলানা শওকত আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তালিকাভুক্ত ১৫০ জন দুস্থ ও অসহায় নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তাঁদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ ও পিরোজপুর পৌরসভার আমির ইসাহাক আলী খান সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁরা দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।