আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর লংমার্চ সফলভাবে বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা চেয়ে টাঙ্গাইলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন ১১ দলের জেলা নেতৃবৃন্দ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদের নেতৃত্বে ১১ দলের নেতৃবৃন্দ জেলা প্রশাসক শরিফা হকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা লংমার্চ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কামরুল হাসান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হুসনি মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
পরে ১১ দলের নেতারা টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা লংমার্চের কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন।
নেতৃবৃন্দ জানান, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকায় সমবেত হয়ে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করছেন তাঁরা।