রাজশাহী ব্যুরো

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। সচিব পদমর্যাদায় আগামী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর ধারা ১৩ এর (২) অনুযায়ী অন্য কোনও পেশা বা ব্যবসা কিংবা সরকারি-আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সঙ্গে সম্পৃক্ত না থাকার শর্তে এই পদে তাকে নিয়োগ দেয়া হলো।

উল্লেখ্য, কৃষিবিদ তুহিন এর আগে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর নির্বাচনী এলাকায় বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।