গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাগচালা এলাকায় গরু চুরি করতে গিয়ে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা চোরচক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র পিকআপ নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরি করতে আসে। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা চারদিক থেকে চোরদের ধাওয়া করে।

একপর্যায়ে স্থানীয়রা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে। পরে প্রায় ১৫০ থেকে ২০০ জন উত্তেজিত লোকজন তাদের গণপিটুনি দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত পিকআপটিতেও আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় অপর দুইজনও মারা যায়।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের নাম-ঠিকানা শনাক্তে কাজ করছে পুলিশ। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, 'গরু চুরির ঘটনায় স্থানীয় জনতা তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যায়। ঘটনাস্থল থেকে তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।'

পুলিশ জানিয়েছে, চোরচক্রের সঙ্গে জড়িত পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।