বিশিষ্ট প্রকৌশলী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান এএএম জিয়া হোসাইন (৯১) গত বুধবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৫ মে) বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর নজরুল ইসলাম অংশগ্রহণ করেন।

এক শোকবাণীতে মহানগর আমীর বলেন, “এএএম জিয়া হোসাইন ছিলেন দেশপ্রেমিক, সৎ ও দূরদর্শী প্রকৌশলী। দেশের অবকাঠামো উন্নয়ন ও নগর পরিকল্পনায় তাঁর অসামান্য অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান ও প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি চট্টগ্রাম নগরীর উন্নয়নে বহু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করেন। দেশের প্রথম ভাসমান সেতু নির্মাণ উদ্যোগ, চট্টগ্রাম নিউ মার্কেট নির্মাণ প্রকল্প এবং চট্টগ্রাম ইপিজেড-এর মাস্টারপ্ল্যান প্রণয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।”

মহানগর আমীর মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

উল্লেখ্য, ১৯৩৪ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণকারী এএএম জিয়া হোসাইন কর্মজীবন শুরু করেন কাপ্তাই হাইড্রো-ইলেকট্রিক প্রকল্পে। পরবর্তীতে তিনি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর প্রথম মেম্বার ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও দক্ষিণ কোরিয়ার Youngone Corporation-এর Anwara EPZ প্রকল্পের নকশা ও উন্নয়ন কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।