মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষকদের আধুনিক ও সহজ কৃষিসেবা নিশ্চিত করতে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং উপকারভোগী কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, সিরাজদিখানের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। তিনি বলেন, "কৃষক কার্ড থাকলে কৃষকরা সরকারি কৃষিসেবা দ্রুত ও সহজে হাতে হাতে পাবেন। কৃষকদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা, প্রণোদনা ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা আরও স্বচ্ছ ও সহজলভ্য করতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম কৃষক কার্ডের প্রয়োজনীয়তা, নিবন্ধন প্রক্রিয়া এবং এর মাধ্যমে কৃষকদের প্রাপ্ত বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় কৃষক কার্ডের ৪০০ জন উপকারভোগী কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা কৃষক কার্ড কার্যক্রমকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সহ-সভাপতি মো.মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সিরাজদিখান থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।