বাগেরহাটের মোংলায় জনসম্মুখ থেকে জোরপূর্বক তুলে নেয়ার ২৫ দিন পেরিয়ে গেলেও মিরাজ শেখ নামে এক ব্যক্তির খোঁজ মেলেনি। এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পরিবারের দাবি, গত ৬ এপ্রিল মিরাজ শেখ তার দুই বন্ধু বাচ্চু ও রফিকের সঙ্গে সুন্দরবনে মাছ ধরতে যান। ১০ এপ্রিল মাছ শিকার শেষে লোকালয়ে ফিরে সন্ধ্যায় বন বিভাগের পাশ জমা দেয়ার প্রস্তুতির সময় জয়মনি এলাকার একটি দোকানের সামনে থেকে কয়েকজন ব্যক্তি তাকে জোর করে একটি ট্রলারে তুলে নদীপথে নিয়ে যায়।

মিরাজের স্ত্রী মুক্তা খাতুন গত ১ মে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এর আগে ৮ এপ্রিল মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মিরাজের সন্ধান দাবি করে পরিবার।

সহকারী অ্যাটর্নি জেনারেল ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় উচ্চ আদালতে সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় রিট করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মোংলা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় মিরাজের সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।