বগুড়া গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১৫টাকা কেজি দরের চাল বিতরণে ডিলাররা ব্যাপক অনিয়ম করছেন। চাল বিতরণের মাস্টার রোলে ১শ’ ৪৯ জন সুবিধাভোগীদের জাল টিপসহি অগ্রীম নেয়ার অপরাধে সোনারায় ইউনিয়নের পীরগাছা বাজারের ডিলার বিএনপি নেতা আব্দুর রশিদকে গ্রেফতার করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল মাহমুদ। গ্রেফতারকৃত আ: রশিদ সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে এবং সোনারায় ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সেক্রেটারী। এ ঘটনায় থানায় একটি মামলা দায়র করা হয়েছে।

জানা গেছে, বর্তমান বিএনপি সরকার দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশের ন্যায় গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮জন ডিলারের মাধ্যমে নির্ধারিত কার্ডধারীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে ১৫টাকা দরে চাল বিতরণ করছে। অভিযোগ রয়েছে, কতিপয় ডিলার চাল না দিয়ে সুবিধাভোগীদের নগদ অর্থ দিচ্ছে। কেউ কেউ ভুয়া মাষ্টাররোল তৈরী করে সম্পূর্ণ চাই আত্মসাত করছে। কোন কোন ডিলার ওজনে কম দিচ্ছে। আবার কোন ডিলার নতুন কার্ড করে দেয়ার কথা বলে প্রত্যেক সুবিধাভোগীদের কাছ থেকে দেড়’শ টাকা করে নিচ্ছে। এতে সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি কার্ডধারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তবে ডিলারদের অভিযোগ, তারা ঠিকঠাকভাবেই চাল বিতরণ করে আসছিলেন। কিন্তু সাংবাদিকরা সংবাদ করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা নেয়। অফিস খরচ তো আছেই। প্রত্যেকটা ডিলারের কাছে কমপক্ষে ১০ থেকে ১৫জন সাংবাদিক যান আর্থিক সুবিধা গ্রহণ করতে। মূলত সাংবাদিক আর অফিসের খোরাক মিটাতেই তারা বেশি বেশি করে অনিয়ম করছেন। এদিকে বিভিন্ন অনিয়মের খবর পেয়ে ২৪অক্টোবর সকালে পীরগাছা বাজারে ছুটে যান জেলা প্রশাসকের কার্যালয়ের এক্্িরকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল মাহমুদসহ সঙ্গীয় পুলিশ বাহিনী। চাল বিতরণ না করেও চাল দেয়ার তালিকা ঠিকঠাক রাখার দায়ে বিএনপি নেতা ডিলার আব্দুর রশিদকে গ্রেফতার করে থানায় আনা হয়। এ ব্যাপারে গাবতলী উপজেলা ফুড অফিসার হারুনুর রশিদ হারুন বলেন, জনপ্রতি ৩০কেজি করে চাল পাবার কথা থাকলেও ১শ’ ৪৯ জন সুবিধাভোগীর কেউ চাল পায়নি। ডিলার আঃ রশিদ খাদ্য বান্ধবের ওই চালগুলো অসৎ উদ্দেশ্যে কালো বাজারে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিল। এ জন্য ম্যাজিষ্ট্রেট তাকে গ্রেফতার করেছে। গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগে ডিলার আ: রশিদের নামে উপজেলা ফুড অফিসের খাদ্য পরিদর্শক মাহমুদা মোস্তাদিয়ার বাদীত্বে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।