১৫ আগস্ট ‘ইসলামী শিক্ষা দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও রচনা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলা মডেল মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার।
ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক কৃষিবিদ আবু নাছের ত্বোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ এবং প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের। এছাড়া অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দও অংশ নেন।
প্রধান আলোচকের বক্তব্যে কৃষিবিদ আবু নাছের ত্বোহা বলেন, "শহীদ আব্দুল মালেক এ দেশে ইসলামী শিক্ষা আন্দোলনের জন্য প্রথম নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন। তিনি শহীদের ইমাম। শহীদ আব্দুর মালেকের রক্তের ওপর দিয়েই আজ বাংলাদেশে ইসলামী সমাজ গড়ার আন্দোলন বেগবান হয়েছে। তিনি আমাদের প্রেরণার বাতিঘর। শহীদ আব্দুল মালেকের বর্ণাঢ্য জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের জীবন গঠন করতে হবে।"
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন।