চাঁদপুর সদর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজের অনুষ্ঠান চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।এ সময় ঘটনাস্থল থেকে রান্নার কাজে ব্যবহৃত তিন ডেগ খিচুড়িও জব্দ করা হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই মসজিদে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়োজকদের অনেকেই সটকে পড়লেও ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটককৃতরা হলেন—মধ্য ইচুলী গ্রামের ফারদিন রহমান (১৯), মো. সাকিব (১৭), মো. সাইফ পাটোয়ারী (২১), রিফাত তালুকদার (২০), মধ্য তরপুরচন্ডী গ্রামের মিজানুর রহমান (২৫), ওয়্যারলেস মুন্সী বাড়ির ফাহিম মাঝি (১৮), দক্ষিণ গুনরাজদীর মো. শাওন (১৬), হাইমচর উপজেলার নয়ানী পাটোয়ারী বাড়ির মো. জিহান (১৫) এবং মধ্য ইচুলী শেখ বাড়ির মো. মনজুর মাঝি (৫৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, শোকাবহ আগস্ট উপলক্ষ্যে আয়োজিত কাঙালি ভোজের আড়ালে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার খবরে সেখানে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত ও যাচাই-বাছাই চলছে। বিশেষ করে আটকদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বয়স ও ঘটনার সঙ্গে প্রকৃত সম্পৃক্ততার বিষয়টি আইনগত প্রক্রিয়ায় বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।