সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

সভাপতির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিএনপির নেতাকর্মীদের জন্য চিরন্তন প্রেরণা। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ চেতনাকে ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের জন্য তাঁর ভূমিকা তুলে ধরে বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ অনুসরণ করে বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, অ্যাডভোকেট ড. শহিদুজ্জামান, আহমদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহমেদ, বশির আহমেদ বাচ্চু, আব্দুর রহিম খান কালাসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।