বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির সাবেক এমপি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (র.) তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ২ শতাধিক মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফীল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ জেলার ৬টি উপজেলার ৬৬ ইউনিয়নে পৃথক পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন জানান, কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচি পালন করা হচ্ছে। জেলা উলামা বিভাগসহ অঙ্গ সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফীল করছে।
জানা গেছে, জামায়াতে ইসলামী ৬ উপজেলায় উপজেলা ভিত্তিক কর্মসূচি পালন করছেন। এর মধ্যে কুষ্টিয়া উলামা বিভাগ, মাজালিসুল মুফাসসীরিন সংগঠন, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ অঙ্গ সংগঠন পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফীল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা এ আয়োজন করে। শহর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।
কুষ্টিয়া সদরের আলামপুর দহকোলা মসজিদে মাওলানা ফারুক আযম জিহাদীর নেতৃত্বে দোয়া মাহফীল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া সদর উপজেলার সভাপতি আজমুল ইসলাম।
অপরদিকে আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গা গোরস্থান মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফীল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া সদর উপজেলার সেক্রেটারি এ্যাড. বিশারত আলী মাষ্টার, আইলচারা ইউনিয়ন সভাপতি মাওলানা খালিদ হাসান সিপাহীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (র.) আত্মার যথাযথ মর্যাদা কামনা করে দোয়া করা হয়।