বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিটের সদস্য (রুকন), বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির সাবেক অফিস সেক্রেটারি ও সিনিয়র কর্মকর্তা শেখ মো. শাহজাহান কবির ও পাবনা জেলার সুজানগর উপজেলার সদস্য (রুকন) মাওলানা তোফাজ্জল হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো পৃথক শোকবাণীতে তিনি এ শোক প্রকাশ করেন।

শেখ মো. শাহজাহান কবিরের শোকবাণীতে তিনি বলেন, তার ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। তিনি ৪৫ বছরের বেশি সময় চাষী কল্যাণে ভিন্নভাবে খেদমত করে গেছেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

মাওলানা তোফাজ্জল হোসেনের শোকবাণীতে তিনি বলেন, তার ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাদের কবরকে প্রশস্ত করুন। তাদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, শেখ মো. শাহজাহান কবির ফরিদপুর জেলার পশ্চিম খাবাসপুর নিবাসী মৃত্যু শেখ ইসমাইলের সাহেবের পুত্র। তিনি হার্ট অ্যাটাক করে গতকাল সোমবার ভোর ৪টায় ৬৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছে। সোমবার বাদ আসর ফরিদপুর পশ্চিম খাবাসপুরে শামসুল উলুম মাদরাসা মাঠে জানাযা শেষে তাকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এবং মাওলানা তোফাজ্জল হোসেন ক্যান্সার আক্রান্ত হয়ে গত ২৪ মে সকাল সাড়ে ৯টায় ৩৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ঐদিন বাদ আসর জানাযা শেষে তাকে সাহাপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

অধ্যাপক মাযহারুল ইসলামের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্যের মৃত্যুতে তাতিহাটী আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও আল-ইসলাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আজীবন ট্রাস্টি বোর্ডের সদস্য শাহজাহান কবীরের মৃত্যুতে অধ্যাপক মাযহারুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বাণীতে তিনি বলেন, শাহজাহান কবীর ছিল একজন কর্মঠ, প্রজ্ঞাপন ও মেধাসম্পন্ন ব্যক্তি। তার যা একাডেমিক যোগ্যতা ছিল তার চেয়ে অধিক যোগ্যতা এবং দক্ষতাসম্পন্ন দায়িত্বের কাজ তিনি নিষ্ঠার সাথে পালন করে গেছেন। যে কাজ যখন তাকে দেয়া হয়েছে সে কাজেই যোগ্যতা এবং দক্ষতার স্বাক্ষর রেখেছেন। মো. শাহজাহান কবীরের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তার গুনাহগুলো মাফ করুন। নেক আমলগুলো কবুল করুন। সমাজসেবামূলক কাজগুলো সাদকায়ে জারীয়া হিসেবে কবুল করুন এবং আখিরাতে নাজাতের অছিলা বানিয়ে দিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমীন।