গাইবান্ধা সংবাদদাতা : বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, দপ্তর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনগণের জন্য প্রদত্ত পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধ বজায় রাখার লক্ষ্যে গাইবান্ধায় গণশুনানী অনুষ্ঠিত হয়। সোমবার গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই গণশুনানীর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন রংপুর দুর্নীতি দমন কমিশনের নুর বকস্ বাবুল ও গীতা পাঠ করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য উজ্জল চক্রবর্তী।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের মহাপরিচালক মো. মোতাহার হোসেন ও মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আব্দুস সালাম প্রমুখ।

বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, দপ্তর ব্যাংকসহ ৩২টি বিভাগের ৯৭টি অভিযোগ গণশুনানীতে উপস্থাপন করে ওইসব বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে জবাবদিহিতা করা হয়।

২০ হাজার টাকা জরিমানা আদায়

মাগুরা সংবাদদাতা : মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার ১০ মে,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার চৌরংগী মোড়, নতুন বাজার ও নিজনান্দুয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বেলা ১২.৩০টা থেকে ০২.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে হাজী বিরিয়ানি ও নান্না বিরিয়ানির প্রতিষ্ঠান তদারকি করা হয়।

ওপেন হাউজ ডে

বটিয়াঘাটা বুধবার সকালে বটিয়াঘাটা চক্রাখালী স্কুল মাঠে বটিয়াঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে, জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়, সমস্যা সমাধানের আশ্বাসে বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে “ওপেন হাউজ ডে” কর্মসূচি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধন জোরদার এবং জনসাধারণের সমস্যা সরাসরি শোনার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সার্টিফিকেশন প্রশিক্ষণ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলায় “গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস”(এঅচ) বা উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সদর উপজেলার খামারবাড়ি কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

প্রেস ব্রিফিং

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে ১৩ মে বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং এ মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,পানি উন্নয়ন বোর্ড মাগুরার নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, লিটন ঘোষ, রূপক আইচ, শরীফ স্বাধীন, ফয়সাল পারভেজ, শেখ ইলিয়াস মিঠুন, আশরাফুল আলম সাগর প্রমূখ। সভায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণ , নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ বিষয় আলোচনা করা হয়।

উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

চকরিয়া সংবাদদাতা: কিশোর-কিশোরী, নারী এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলায় জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে চূড়ান্তপর্বে চকরিয়া কোরক বিদ্যাপীঠকে হারিয়ে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

গত সোমবার (১১ মে) চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উইমেন ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড রেসিলিয়েন্ট সোসাইটি (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি)’র আয়োজনে এ প্রতিযোযগিতা সম্পন্ন হয়।

প্রতিযোগিতার মডারেটর চকরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আয়োজক সংস্থা বিসিসিপি’র পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান।

শার্শা (যশোর) সংবাদদাতা : শার্শা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য গত ১৪ মে সকালে উপেজলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষ আইনশৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান তার বক্তব্যে বলেন, ‘আমরা জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষ সবাই মিলেমিশে কাজ করলে শার্শা উপজেলাকে আরও সুন্দর ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব, ইনশাআল্লাহ। আসন্ন কুরবানির ঈদ যেন সাধারণ মানুষের জন্য আনন্দময় হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে হাট-বাজার ও শপিংমলগুলোতে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে উপজেলার সকল শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের লক্ষে উপজেলার সকল এতিমখানায় সরকারিভাবে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে।

ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার

নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাথুরা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাথুরা এলাকার বিশু মার্কেট সংলগ্ন সালামের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আরশেদ আলীর ছেলে রবিউল ইসলাম রাজিব (২৬) ও মৃত শ্যামল কৃষ্ণ সাহার ছেলে রবিন্দ্র সাহা (৪০)। এর মধ্যে রাজিবের কাছ থেকে ৯ পিস এবং রবিন্দ্র সাহার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নার্স দিবস

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে গত বুধবার সকালে শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। এসময় দিবসটির প্রতিপাদ্য ‘আমাদের নার্স’ আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’Ñ তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আকাশ নুনিয়া, সার্জারি কনসালটেন্ট ডা. অশোক ঘোষ এবং অ্যানেসথেসিয়া বিভাগের ডা. সোহানা ফেরদৌস। অনুষ্ঠানে নার্সিং সুপারভাইজার নিশি রঞ্জন চক্রবর্তী ও বশিরুন্নেছা বেগমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, রোগীর সেবায় নার্সরা স্বাস্থ্যখাতের অন্যতম প্রধান চালিকাশক্তি। মানবিক ও আন্তরিক সেবার মাধ্যমে তারা স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলছেন। বক্তারা নার্সদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি ঘিরে স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল উৎসবমুখর পরিবেশ। নার্সদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মাদক কারবারী গ্রেফতার

রংপুর অফিস : রংপুরে দেশীয় এবং অস্ত্রসহ মাদক কারবারী সুজন শেখকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর।

আটক মাদক কারবারী সুজন শেখ উপজেলার চতরা ইউনিয়নের কলেজ পাড়ার মজিবর শেখের পুত্র। র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন গত বুধবার গভীর রাতে আটক ব্যাক্তির বাড়িতে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ী থেকে দেশয়ি অস্ত্র চাইনিজ কুড়াল, ড্যাগার, হাসুয়া এবং ১৪৫ ইয়াবা ও ৫ গ্রাম হিরোইন উদ্ধার এবং মাদক কারবারী সুজন শেখকে আটক করা হয়। আটক ব্যাক্তিকে থানায় সোর্পাদ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যুবককে কুপিয়ে হত্যা

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী উপজেলার র খুরিয়ার খেয়াঘাট এলাকায় মনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মনোয়ার হোসেন উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা। তিনি মো. জয়নাল মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিল সংলগ্ন মো. শামসুল হকের বাড়ির বিপরীতে খালের পাড়ে স্থানীয়রা মনোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিক ইউনিয়ন নির্বাচন

পিরোজপুর : ১৪ মে পিরোজপুর জেলা বাস মালিক সমিতি কার্যালয়ে পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি ১ জন, সিনিয়র সহ-সভাপতি ১ জন, সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, উপ সাধারণ সম্পাদক ১, সহ-সাধারণ সম্পাদক ২, প্রচার সম্পাদক ১ জন, কোষাধক্ষ্য ১ জন, সহ কোষাধ্যক্ষ ১ জন এবং নির্বাহী সদস্য ৪ জন মোট ১২টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। এরমধ্যে সভাপতি পদে ছাতা মার্কায় দুলাল মোল্লা এবং বাস মার্কায় ফরিদ শেখ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সহ-সভাপতি পদে জসিম শেখ এবং সাধারণ সম্পাদক পদে এস কে রাজিব নির্বাচনের আগেই নির্বাচিত হয়েছেন।

মানববন্ধন

মোংলা : বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলায় পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ‘মোংলা উপজেলা মডেল ফারিয়া’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ৪ মে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এলাকায় দায়িত্ব পালনকালে কয়েকজন ওষুধ প্রতিনিধিকে পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে সারাদেশে চলমান কর্মসূচির অংশ হিসেবেই মোংলায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় ওষুধ প্রতিনিধিদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা পেশাজীবীদের জন্য অসম্মানজনক। তারা দাবি করেন, দায়িত্ব পালনকালে প্রতিনিধিদের প্রতি হয়রানি ও অপমানজনক আচরণ বন্ধ করতে হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা

দাউদকান্দি (কুমিল্লা) : আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গৌরীপুর বাসস্ট্যান্ডের তিনটি মিষ্টির দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও সড়ক জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইলিয়টগঞ্জ বাজারের মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফলের দোকান, চায়ের টংসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছিল। এসব দোকানের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং যানজটের আশঙ্কা বাড়ছিল।

গাঁজাসহ আটক ১

বটিয়াঘাটা : বটিয়াঘাটার পূর্ব হালিয়া বাজারের নিকট থেকে গত (১৩ মে) রাত ১০টায় বিশেষ অভিযান পরিচালনা করেন ভান্ডারকোট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। পুলিশ সূত্রে জানা গেছে, এ সময় পূর্ব হালিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ রায়ের ছেলে মিলন রায়ের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় ১৪ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৮।

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে

ঘিওর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ জেলায় হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে। তবে জেলা স্বাস্থ্য বিভাগের দাবি, ব্যাপকভিত্তিক চিকিৎসা কার্যক্রমের ফলে সার্বিক পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নতুন করে কারো শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি। চলতি বছরে জেলায় এ পর্যন্ত মোট ৬১৭ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, এ বছর হাম সন্দেহে ২ জনের মৃত্যু হলেও স্বাস্থ্য বিভাগের দাবি, নিশ্চিতভাবে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

রুকন সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আদর্শিক মান, সাংগঠনিক দক্ষতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রুকনদের ঈমানী দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা ও বায়তুলমালের দায়িত্বশীল ভূমিকা সংগঠনকে আরও শক্তিশালী করবে।

বুধবার সন্ধ্যায় ৪নং চান্দগাঁও ওয়ার্ডের স্থানীয় মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।