গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের দংশনে আজাদুল ইসলাম (ঘুটু) (৩০) নামে এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় সাপকে খেলার জন্য প্রস্তুত করার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে অনুষ্ঠিতব্য পাতা খেলায় প্রদর্শনের জন্য সোমবার বিকেলে কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন আজাদুল ইসলাম। পরে সাপটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ সেটি তাকে দংশন করে।

দংশনের পর তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা প্রথমে তাকে বিষ নামানোর আশায় রাজা বিরাট এলাকার পাশের শিবসমুদ্র গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে রাত প্রায় ১১টার দিকে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন প্রামানিক জানান, হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষায় দেখা যায়, প্রায় দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করতেন। সম্প্রতি তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখানোর মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। মঙ্গলবারের অনুষ্ঠানে বড় একটি সাপ প্রদর্শনের পরিকল্পনা থাকায় নতুন ধরা সাপটিকে প্রস্তুত করার সময়ই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনায় শিয়ালগাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বাস্থ্যসচেতন মহলের পরামর্শ, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা ও প্রয়োজনীয় অ্যান্টিভেনম গ্রহণ করাই জীবন রক্ষার সবচেয়ে কার্যকর উপায়।