রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারীতে গ্রামবাসীর সংগৃহীত বাঁশ, অর্থ ও স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোই দীর্ঘদিন ধরে এলাকাবাসীর নদী পারাপারের একমাত্র ভরসা। রৌমারী সদর ইউনিয়নের চর ইছাকুড়ি গ্রামের জিঞ্জিরাম নদীর উপর স্থায়ী কোন ব্রীজ নির্মিত না হওয়ায় সীমান্তবর্তী সাত গ্রামের হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রীজের দাবীতে ভুক্তভোগী জনগণ মানববন্ধন ও রাষ্ট্রের দফতরে আবেদন করলেও স্হানীয় জনপ্রতিনিধি ও সরকারি প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

সম্প্রতি সরেজমিনে জানা যায়, রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী চর ইছাকুড়ি গ্রাম সংলগ্ন জিঞ্জিরাম নদীতে নির্মিত বাঁশের সাঁকোতে চর ইছাকুড়ি, মির্জাপাড়া, ফুলবাড়ি, উত্তর গোয়ালগ্রাম, ঠনঠনিপাড়া, গোয়েসুল্লের চর, কোনাচিপাড়াসহ সাতটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ প্রতিনিয়ত পাড়াপাড় হয়। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় স্কুল-কলেজের শিক্ষক, কোমলমতি শিক্ষকার্থী, ব্যবসায়ী, কৃষক, সরকারি বেসরকারি অফিসের চাকরিজীবীসহ নানা পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, কৃষি পণ্য বাজারজাতকরনে চরম দুর্ভোগে পড়তে হয়। বন্যার পানিতে ব্রীজ ডুবে গেলে দু পাড়ের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করে। দুর্ভোগ হতে মুক্তির জন্য নদীর উপর স্থায়ী ব্রীজ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।