পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সিঙ্গারটেক এলাকায় বনদস্যু করিম-শরীফ বাহিনীর সদস্যদের সঙ্গে বন বিভাগের টহল দলের গোলাগুলীর ঘটনা ঘটেছে। বুধবার সকালে পরিচালিত এ অভিযানে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুটি ওয়াকি-টকি জব্দ করেছে বন বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম। উদ্ধার হওয়া জেলেরা হলেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মাসুম খান, খুলনার বটিয়াঘাটা উপজেলার বুজনুনিয়া গ্রামের নাছিম আলী, দাকোপ উপজেলার পানখালী গ্রামের ইরাক শেখ এবং শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মো. হাসান। বন বিভাগ সূত্রে জানা গেছে, শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের সদস্যরা সিঙ্গারটেক এলাকায় নিয়মিত যৌথ টহল কার্যক্রম চালানোর সময় বনদস্যুদের অবস্থান শনাক্ত করেন। পরে সেখানে অভিযান পরিচালনা করলে বনদস্যুরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার্থে বনরক্ষীরাও পাল্টা গুলি চালান। এক পর্যায়ে বনদস্যুরা তাদের ব্যবহৃত ট্রলার ফেলে পালিয়ে যায়। এ সময় তাদের জিম্মিতে থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জেলেদের শেলারচর টহল ফাঁড়িতে নেওয়া হয়। সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ এবং দুটি ওয়াকি-টকি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।