বগুড়া অফিস

বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শাহাজাহানপুর উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দুইটি হাতুড়ি ও দুইটি রাম-দা উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রকি মাহমুদ (২৬)। তিনি গ-গ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। রকি এলাকায় ইট বালুর ব্যবসা করতো। রকির নামে অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, দুপুর দেড়টার দিকে গাক চক্ষু হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রকি। কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয়রা জানান, রকি এলাকার মানুষকে জিম্মি করে বাড়ি নির্মাণ কাজে জোর করে ইট-বালু সরবরাহ করতো। এছাড়াও সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকা-ে জড়িত ছিল। নিহত রকির বাবা বেলাল হোসেন বলেন, কয়েকজন যুবক তাকে ডেকে এনে খুন করেছে। তবে কি কারণে রকি খুন হলো সে বিষয়ে তিনি তাৎক্ষণিক কিছু বলতে পারেন নি। কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, রকি অস্ত্র, মাদক, ছিনতাই, ছুরিকাঘাত সহ একাধিক মামলার আসামি। দেড় মাস আগে জেল থেকে জামিনে মুক্ত হয়েছে।