নরসিংদী জেলা সংবাদদাতা
চুরি করে নিয়ে যাওয়ার দুই দিন পর শিশু উম্মে হানিকে (৩) উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ। গত ১৫ মে নরসিংদীর শিবপুর উপজেলার কলেজপাড়া থেকে চুরি করে নিয়ে যায় শরিফা খাতুন নামে এক মহিলা। এর দুইদিন পর রোববার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।
উদ্ধার হওয়া শিশুটি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোয়ারা গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে। তারা শিবপুর কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
উম্মে হানির মা জানান, একই বাসায় ভাড়া থাকার সুবাদে পরিচয় হয় শরিফা বেগমের সঙ্গে। শরিফা বেগমের বাড়ি সিলেটে। তার স্বামী শিবপুরের ধানুয়া গ্রামে একটি রাইস মিলে শ্রমিকের কাজ করতেন। শুক্রবার সকাল ১০টার দিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শরিফা খাতুন তার মেয়েকে নিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে সন্ধ্যায় শিবপুর থানায় অভিযোগ দায়ের করি।
অভিযোগের প্রেক্ষিতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ ও র্যাব। র্যাবের সহযোগিতায় মাধপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শরিফা খাতুনকে আটক ও শিশু উম্মে হানিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নতুন বাজার বাগবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৪২) ও তার স্ত্রী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উটি গ্রামের মরম আলীর মেয়ে শরিফা খাতুনকে (২৯) গ্রেপ্তার করা হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনুর মিয়া বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর থানার এসআই অনুপ নাগ, হাসান ও র্যাবের সহযোগিতায় অভিযুক্ত শরীফা খাতুনকে মাধবপুর থেকে আটক করার পর তার তথ্য মতে উম্মে হানিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুই জনকে গ্রেপ্তার করা হয়।