মেহেরপুরের জামায়াতের এমপির দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে নির্মাণাধীন বিএডিসির ৪ হাজার মেট্রিক টন সার গুদামের সোলিং ও প্রাচীরের নির্মাণ কাজ এলাকার সচেতন মানুষকে সঙ্গে নিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে ঘটনাস্হল পরিদর্শনে আসেন জামায়াতে নেতৃবৃন্দ। জানা যায়, বিএডিসির সার গুদামের মেঝের সোলিং ও সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পান মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দীন খান। সংসদ সদস্যের নির্দেশে গুদাম পরিদর্শনে আসেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জাব্বারুল ইসলামসহ প্রতিনিধি দল। জাব্বারুল ইসলাম সাংবাদিকদের বলেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দীন খানের নির্দেশনায় এখানে এসে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। এখানে ৮০% কাজ ৩নং ইটের হচ্ছে। এবিষয়ে আমি সহ প্রতিনিধি দল ঠিকাদারের সাথে কথা বলেছি, সিডিউলে এক নং ইট ব্যবহারের কথা থাকলেও কেন তিন নং ইট ব্যবহার হচ্ছে এমন প্রশ্নে তিনি কোন সদ্যুত্তর দিতে পারেনি। পরবর্তীতে তদারকির দায়িত্বে থাকা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী একরামুল হককে ফোন কলে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, আমি সপ্তাহে ৩/৪ দিন পরিদর্শনে যায়। গত বৃহস্পতিবার তিনি শেষ পরিদর্শনে আসেন। পরিদর্শনে এসে তিনি সোলিং এ কয় নং ইট দেখেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- এক নং ইট-ই তো দেওয়ার কথা। আমরা যাচাই-বাছাই করে এক নং ইট-ই দেখেছি। উপ সহকারী প্রকৌশলীর এমন দায়িত্বহীন কথায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করেন নেতৃবৃন্দ। উপজেলা জামায়াত সেক্রেটারী জাব্বারুল ইসলাম বলেন, এখানে সরেজমিনে আমরা তিন নং ইট পেয়েছি, এটার সমাধান না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আসাদুজ্জামান, ৪ নং ওয়ার্ড আমির মজিবর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।