স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিশেষ মোনাজাত, আলোকচিত্র প্রদর্শনী এবং প্রার্থনার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে বারি’র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরের নেতৃত্বে ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বারি’র প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাওছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের এবং পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা। এছাড়াও বারির বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কর্মসূচিতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত, আহত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বারি’র প্রধান কার্যালয় চত্বরে 'রক্তাক্ত জুলাই' শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতিচিত্র স্থান পায়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

এছাড়া বাদ যোহর বারি’র কেন্দ্রীয় মসজিদে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত, আহত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে সন্ধ্যায় বারি প্রাঙ্গণের মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।