বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর মাওলানা আব্দুচ্ছালাম আজাদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়ালের সঞ্চালনায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, দেশের মানুষ আজ গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। জনগণ যখন জাতীয় ঐক্য, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা করছে, তখন একটি মহল দেশকে আবারো বিভক্তির দিকে ঠেলে দেয়ার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। তিনি সকল দেশপ্রেমিক শক্তিকে বিভেদ নয়, বরং ঐক্যের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশে টেকসই শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসতে পারে না। এজন্য ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আদর্শবান নেতৃত্বের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জামায়াতের রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ধৈর্য, ত্যাগ ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। দেশের সার্বিক কল্যাণে এবং একটি মানবিক সমাজ বিনির্মাণে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা নায়েবে আমীর এডভোকেট আবুল কালাম বলেন, বান্দরবানসহ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সবসময় গঠনমূলক ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি সংগঠনের রুকনদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার পাশাপাশি মানুষের কল্যাণে নিবেদিত থাকার আহ্বান জানান।