গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক কিশোর চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত কিশোরের নাম মোঃ শুভ (১৬)। তিনি নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মোঃ আমির মিয়ার ছেলে। তবে তিনি পালিত পিতা মোহাম্মদ আমিরুল ইসলাম ও মাতা বকুলা আক্তারের সঙ্গে গাজীপুর মহানগরীর শরিফপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকার তাগিদে অটোরিকশা চালাতেন শুভ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শুভ প্রতিদিনের মতো গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর রাতভর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার (১২ মে) ভোর সাড়ে ৫টার দিকে উজারপাড়া এলাকার চায়না ফ্যাক্টরির পাশের সড়কে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন।

খবর পেয়ে গাছা থানার উপপরিদর্শক, মোঃ মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শুভকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।