জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন।
শনিবার সকালে বগুড়া জেলার ধুনট উপজেলার মানিকপোটল ( মরিচতলা) গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন তিনি।
এসময় তিনি শহীদ আব্দুল মালেকের কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং শহীদ আব্দুল মালেকের শাহাদত কবুলের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। এরপর ডা. শফিকুর রহমান স্থানীয় মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
আমিরে জামাতের আগমন উপলক্ষে স্থানীয় মাদ্রাসা মাঠে হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত হন। ডা. শফিকুর রহমান উপস্থিত জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য বলেন, দেশের মানুষ ভালো নেই দেশ ভালো নেই। বিদ্যুৎ এবং সারসংকট চরণে। দেশের মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি সরকার আমাদেরকে কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।
এ সময় জামাাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাতে বগুড়ায় এসে সার্কিট হাউজে রাত্রী যাপন করেন ডা. শফিকুর রহমান। সকাল সোয়া ৫টায় সার্কিট হাউজ থেকে ধুনটের পথে যাত্রা করেন। মানিকপোটল (মরিচ তলা) গ্রামে পৌঁছলে বিপুল সংখ্যক সাধারন মানুষ আমিরে জামায়াতকে উষ্ণ অভ্যর্থনা জানান। ডা. শফিকুর রহমান হাত নাড়িয়ে অভিবাদনের জবাব দেন। কবর জিয়ারত শেষে বিরোধী দীলয় নেতা সকাল পৌনে ১১টায় বগুড়া সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। এরপর তিনি ১২টায় বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে যোগদান করবেন।