বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য গোলাম রব্বানী বলেছেন, "দুনিয়ার কোনো আইন দিয়ে শ্রমিকদের অধিকার আদায় হবে না। যেদিন এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে, সেদিনই শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত হবে।"
বুধবার (২৯ জুলাই) বিকাল ৫টা ১৫ মিনিটে জুলাই সনদ বাস্তবায়ন ও ফার্নিচার শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বগুড়া কলোনীস্থ শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে বাংলাদেশ ফার্নিচার শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল বাসেতের সভাপতিত্বে গোলাম রব্বানী আরও বলেন, "ফার্নিচার শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের অবহেলার চোখে দেখা হয়। ফার্নিচার শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারের কোনো উদ্যোগ নেই। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার নয়। শ্রম আইনে ফার্নিচার শ্রমিকদের নিয়ে কোনো কথা উল্লেখ নেই। অবিলম্বে শ্রম আইন সংশোধন, ফার্নিচার শ্রমিকদের জন্য বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতে হবে।"
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, "জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে। জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ নিয়ে কোনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণের বিরুদ্ধে দাঁড়ালে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে দেশ ছাড়া হয়েছে, বর্তমান সরকারও সেভাবেই বিতাড়িত হবে।" তিনি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য সবাইকে সর্বাত্মকভাবে মাঠে-ময়দানে কাজ করার আহ্বান জানান এবং সরকারকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের ওপর হামলা বন্ধ করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বগুড়া মহানগর সভাপতি আজগর আলী, বগুড়া জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বগুড়া কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবলু মোল্লা, জেলা ছমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আব্দুল বারী, কাহালু উপজেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, বগুড়া জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সামাদ সাকিদার ও শাজাহানপুর উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু মিয়া। সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন ও ফার্নিচার শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নের জোর দাবি জানান।