বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ঢাকাস্থ চায়না দূতাবাসে চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকাস্থ চায়না দূতাবাসের ডিফেন্স সিনিয়র অ্যাটাচে মি. কর্নেল দু সিনশেং-এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধিদল এই অনুষ্ঠানে যোগ দেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, কর্নেল (অব.) আব্দুল বাতেন এমপি, মোসলেহ উদ্দিন ফরিদ এমপি এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চীনা সরকারের দীর্ঘস্থায়িত্ব এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র চীনের সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও চায়নার দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করা হয়।