এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৬৩ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। যার মধ্যে জুলাইয়ের ২৯ দিনেই মারা গেছেন ৩৫ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ২০ জন, বরিশালে বিভাগে ৬৭ জন, সিলেট বিভাগে তিন জন রয়েছেন। চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এ যাবত মোট ১৩ হাজার ৯৩১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ১৬৯ জন চিকিৎসাধীন আছেন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লক্ষ ২৭ হাজার ৪১০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৮৭৪ জন। গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১০ হাজার ১৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৫৩ জন।
খুলনায় বাড়ছে ডেঙ্গু
খুলনা ব্যুরো জানায়
খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ২৯ জনই খুলনা জেলার। তবে এই সময়ে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮২১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পরিচালক (স্বাস্থ্য) খুলনা বিভাগের কার্যালয় প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৪ জন ভর্তি হন। চলতি বছরে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪১২ জন। এর মধ্যে ৩৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৪৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।