শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতা : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন এটাই তিনি প্রত্যাশা করেন। তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং বিচারিক প্রক্রিয়া অনুযায়ী সবকিছুর নিষ্পত্তি হবে।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও মরহুম বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি দেশে ফিরে আদালতের মাধ্যমে অভিযোগগুলোর বিচারিক প্রক্রিয়ায় অংশ নিলে প্রকৃত সত্য উদ্ঘাটনের সুযোগ সৃষ্টি হবে।
বিচার বিভাগের বিষয়ে তিনি বলেন, এমন একটি বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দরিদ্র ও সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার বিষয়ে সর্বোচ্চ আস্থা রাখতে পারবেন। বিচার বিভাগ নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা থাকলেও মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারক গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিচারকদের ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বানও জানান তিনি।
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সম্প্রতি প্রচারিত একটি বক্তব্য নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে। তবে তিনি দেশে থাকুন বা বিদেশে, আইনের দৃষ্টিতে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে ক্রসফায়ারে সাড়ে চার হাজার মানুষ হত্যা এবং জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার অভিযোগ রয়েছে।
অনুষ্ঠানে ‘আগামীর শৈলকূপা’র সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাসান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।