গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আজ ২৫ এপ্রিল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আজ। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বক্তব্য রাখবেন এনসিপিসহ জুলাই আন্দোলনের পক্ষের ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে আজকের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দিয়েছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করার জন্য এদেশের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন ও পঙ্গুত্ববরণ করেছেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী তাদের প্রত্যাশা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ-তে প্রায় ৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। কিন্তু একই দিনে সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়ন না করে টালবাহানা শুরু করেছে, যা জুলাইযোদ্ধাদের প্রতি অসম্মান, অবহেলা এবং শহীদের রক্ত ও গোটা জাতির সাথে বেইমানি। এজন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায়ে সারা দেশের জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধাদের প্রতি আমরা ২৫ এপ্রিলের জাতীয় সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সমাবেশ সফল করার আহ্বান জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গণপ্রত্যাশার বিপরীতে গিয়ে ফ্যাসিবাদী কায়দায় অতীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি, করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আমি বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশার আলোকে জুলাই শহীদদের রক্ত এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের ত্যাগকে সম্মান জানিয়ে অতিদ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে জুলাই স্পিরিটের আলোকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় সন্ত্রাস, মববাজি ও দখলবাজি বন্ধে সাম্প্রতিক সময়ে ন্যক্কারজনক হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি।