রাজধানীর লালবাগে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার জন্য অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ।

রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে লালবাগ থানার রাজধারায়ণ রোড (আর অ্যান্ড ডি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরের নেতৃত্বে অভিযানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), থানা-পুলিশ ও পিওএম ফোর্সের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার জন্য নেওয়া একাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করা হয়। এসব সংযোগে ব্যবহৃত আনুমানিক ২০ মিটার বৈদ্যুতিক তার, একাধিক চার্জিং অ্যাডাপ্টার, একটি বৈদ্যুতিক মিটারসহ সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়। পরে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযানে কোতোয়ালি ও লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের পরিদর্শকরাও উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার নামে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করার কার্যক্রমও চলবে।

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে অসংখ্য চার্জিং পয়েন্ট। ২০২৫ সালের একটি প্রতিবেদনে ডিএমপির তথ্যের বরাত দিয়ে বলা হয়েছিল, রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার জন্য প্রায় ৪৮ হাজার ১৩৬টি চার্জিং পয়েন্ট শনাক্ত করা হয়েছিল। এর বড় একটি অংশ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পরিচালিত হচ্ছিল।

অবৈধ সংযোগের পাশাপাশি এসব চার্জিং স্থানে বৈদ্যুতিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। অপরিকল্পিত তারের সংযোগ, অতিরিক্ত লোড এবং অননুমোদিত মিটার বা সরঞ্জাম ব্যবহারের কারণে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।