কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এবার মাদরাসার ওপর ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে উদ্ধার করা হয়েছে ৮ জন শিক্ষার্থীর লাশ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২২জন শিক্ষক-শিক্ষার্থী।
বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর পৌঁনে দুইটার দিকে বিকট শব্দে পাহাড় ধসের আওয়াজ পেলে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মাদরাসায় (ক্যাম্পভিত্তিক) অবস্থানরত অন্তত ৩০ থেকে ৪০ জনের মতো শিক্ষার্থীসহ তাদের ওপর পাহাড়ের বিশাল অংশ চাপা পড়ে আছে। তাৎক্ষণিকভাবে মাটি চাপা পড়ে মারা যাওয়া চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অপর চারজনের দুইজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং অন্য দুইজনের লাশ মাটির ভেতর থেকে উদ্ধার করা হয়।
এর আগে রবিবার দিবাগত রাতে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন, কক্সবাজার শহরের ১২ নং ওয়ার্ডের ছাত্তার ঘোনায় ১ জন ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ী ঢলে ভেসে গিয়ে ১ জন, মঙ্গলবার দুপুর কক্সবাজার শহরের দরিয়ানগর বড়ছড়া হাজীঘোনা এলাকায় এ পাহাড় ধসে একজন গৃহবধুসহ সর্বশেষ বুধবার পাহাড় ধসে ৮জন মাদরাসা শিক্ষার্থীসহ ২১ জনের মৃত্যু হয়েছে।