চাঁদপুরের মতলব দক্ষিণে জৈনপুর পরিবহনের বাসের চাপায় সাদিয়া আক্তার (২৬) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ বাসচালক কাউছারকে আটক এবং বাসটি জব্দ করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৪০৪৩) বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী সাদিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহতরা হলেন—মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকার অটোরিকশাচালক রোমান হোসেন (৪৫), খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গাজী বাড়ির খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। নিহত সাদিয়াও তাঁদের সঙ্গে একই অটোরিকশায় ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী মো. ইয়াছিন মিয়া জানান, তাঁর জেঠাতো ভাই রহুল আমিনের মা রাজিয়া (৫০) শুক্রবার রাত ৭টার দিকে অসুস্থতাজনিত কারণে মারা যান। শনিবার সকাল ৮টায় তাঁর জানাজা ও দাফন-কাফনের সময় নির্ধারণ করা হয়েছিল। ভোর ৬টার দিকে তাঁরা অটোরিকশাযোগে সেখানে যাওয়ার সময় নাগদা বড় বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের বাসটি অটোরিকশাকে চাপা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত সাদিয়া আক্তারের স্বামী ইসমাইল হোসেন সৌদি আরবপ্রবাসী। তাঁদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা জৈনপুর পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেন এবং বাসচালক কাউছারকে আটক করে নাগদা বড় বাড়ির মসজিদসংলগ্ন একটি কাছারি ঘরে রাখেন।
খবর পেয়ে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে বাসচালক কাউছারকে হেফাজতে নেন। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক বাসচালক কাউছারের বাড়ি মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায় বলে জানা গেছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।