পাবনা সদর উপজেলায় জলাভূমির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো সুমি খাতুন (৭), খালিদ হোসেন (৮) ও আফিয়া খাতুন (৬)। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমি খাতুন দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে। অপর দুই শিশু খালিদ হোসেন ও আফিয়া খাতুন একই গ্রামের মো. আশরাফুল ইসলামের সন্তান। তারা সম্পর্কে ভাই-বোন। নিহত তিন শিশু স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের জলাভূমিতে বর্ষার পানিতে গোসল করতে নামে সুমি, খালিদ ও আফিয়া। একপর্যায়ে তাদের মধ্যে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর অপর দুই শিশুও পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে নিকটবর্তী সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।