গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু ও মিত্র। আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করব, পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান দেখাব। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
গতকাল সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা সদরের বাসস্ট্যান্ডসংলগ্ন ক্যাথলিক চার্চে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৌরনদী উপজেলা প্রশাসন এ সংলাপের আয়োজন করে।
সংলাপে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। গৌরনদী-আগৈলঝাড়ার আন্তঃধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক শান্তি প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে।
গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাদার মাইকেল মিলন দেউরী, কাসেমাবাদ কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. আসাদুজ্জামান, আগৈলঝাড়া বিএইচপি একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, সিসিডিবির সহসভাপতি পলাশ রায়, গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাত হান্নান ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।
এ সময় গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, থানার ওসি তারিক হাসান রাসেল, বরিশাল জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর মিডিয়া সমন্বয়কারী খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে একটি পেইন্টিং উপহার দেন।
পরে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার স্ত্রী মন্ত্রীর আমন্ত্রণে তার গৌরনদীর সরিকলস্থ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন।