বাংলাদেশ জামায়াতে ইসলামী মাতুয়াইল (ডেমরা) ইউনিয়নের সাবেক বাইতুল মাল সম্পাদক, প্রবীণ রুকন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের নারায়ণগঞ্জের কাঁচপুরের চ্যাঙ্গাইল গ্রামের নিজ বাড়িতে গতকাল রোববার ভোরে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এক যৌথ শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেই অবদান রেখেছেন জাতি তা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। জামায়াতে ইসলামীর প্রবীণ এই সদস্য (রুকন) বাংলাদেশের মানুষকে শোষণের হাত থেকে মুক্ত করে এদেশে ন্যায় ও ইনসাফের আন্দোলনে আমৃত্যু সম্পৃক্ত ছিলেন। তাঁর কর্মময় জীবন আগামীর প্রজন্মের জন্য অনুসরণী হয়ে থাকবে। মহান রাব্বুল আলামীন বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল কাদেরের কর্মময় জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল কাদের (৮০) কোনাপাড়া থানার (ডেমরা জোন) সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের শ্বশুর। রোববার বাদ জোহর মরহুমের জানাজা শেষে নারায়ণগঞ্জের কাঁচপুরের চ্যাঙ্গাইল গ্রামের পারিবারিবক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।