বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের সাতজন আইনজীবী রিটটি করেন। এর আগে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। ওই সিদ্ধান্তের বৈধতা নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা। রিট আবেদনকারীদের একজন আইনজীবী মো. গোলাম কিবরিয়া বলেন, ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে যেমন কোনো কমিটি দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা স্বার্থবিরোধী কর্মকা-ে জড়িত থাকলে অ্যাডহক কমিটি গঠন করা যেতে পারে। তবে বিসিবির নির্বাচিত কমিটির ক্ষেত্রে এমন কোনো অভিযোগ বা প্রমাণ ছিল না বলে দাবি করেন তিনি। তার মতে, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আইনসম্মত নয়। রিট আবেদনে ৭ এপ্রিলের ওই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় অ্যাডহক কমিটি গঠনসংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে। রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে। সম্প্রতি গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল খান। কমিটিতে সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খানও রয়েছেন। এছাড়া সদস্যদের মধ্যে কয়েকজন বিভিন্ন রাজনৈতিক ও করপোরেট পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে। কমিটিতে আরও আছেন বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করা তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।