আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে স্কোয়াড ঘোষণা করেছে ভারত। যেখানে পঞ্চমবারের মতো দলটিকে নেতৃত্ব দিতে যাচ্ছেন হারমানপ্রিত কৌর। তাকে অধিনায়ক ও স্মৃতি মান্ধানাকে সহ-অধিনায়ক করে শনিবার (২ মে) দল ঘোষণা করেন ভারতের নির্বাচকরা। দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার স্বস্তিকা ভাটিয়া এবং বাঁহাতি স্পিনার রাধা যাদব। এ ছাড়া, রয়েছে একাধিক চমকও। খবর জিও সুপারের। ইংল্যান্ড ও ওয়েলসে ১২ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন নন্দিনী শর্মাও। সম্প্রতি উইমেনস প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৭ উইকেট নেন তিনি। ৩৭ বছর বয়সী হারমানপ্রিতই একমাত্র ভারতীয় খেলোয়াড়, যিনি ২০০৯ সাল থেকে প্রতিটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। ভারত গত বছর প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। তবে, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সেরা সাফল্য ২০২০ সালে রানার্স-আপ হওয়া। বিশ্বকাপে ভারত তাদের অভিযান শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে; বার্মিংহ্যামে জুনের ১৪ তারিখে। এক নম্বর গ্রুপে দল দুটি ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। টুর্নামেন্টের ফাইনাল ৫ জুলাই লর্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ভারতের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগস, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেট কিপার), শ্রেয় চারাণি, স্বস্তিকা ভাটিয়া (উইকেট কিপার), নন্দিনী শর্মা, অরুন্ধতি রেড্ডি, রেনুকা সিং, ক্রান্তি গৌড, শ্রেয়াঙ্কা পাতিল ও রাধা যাদব।