মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে সফরকারী পাকিস্তান। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার একাদশে সাতজন বাঁ-হাতি ব্যাটার নিয়ে মাঠে নেমেছে দলটি। এটি পাকিস্তানের ৪৬৮তম টেস্ট ম্যাচ। এতদিন কোনো টেস্টেই তারা সাত বাঁ-হাতি ব্যাটার নিয়ে খেলেনি। এর আগে সর্বোচ্চ ছয় বাঁ-হাতি ব্যাটার নিয়ে মাঠে নেমেছিল দলটি। প্রথমবার সেই নজির গড়ে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে। পরে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও ছয় বাঁ-হাতি ব্যাটার খেলায় পাকিস্তান। তবে এবার সেই সংখ্যাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল তারা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশে থাকা সাত বাঁ-হাতি ব্যাটার হলেন আজান আওয়াইস, ইমাম-উল-হক, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলী। গতকাল টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। এই ম্যাচে দুজন ক্রিকেটারকে টেস্ট অভিষেকও করিয়েছে সফরকারীরা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে সুযোগ পেয়েছেন আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। বাবর আজমের ইনজুরির কারণেই মূলত তাদের জন্য জায়গা তৈরি হয়েছে দলে। কাকতালীয়ভাবে এই দুজনও বাঁ-হাতি ব্যাটার। বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট লড়াইয়ের ইতিহাসে এটি ১৬তম ম্যাচ। এর আগে দুই দল ১৫ বার মুখোমুখি হয়েছিল। সেখানে পাকিস্তানের জয় ১২টিতে, বাংলাদেশের জয় দুটি এবং একটি ম্যাচ ড্র হয়েছিল।