ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের উদ্বোধনী দিনেই ব্যাট-বলের দারুণ লড়াইয়ে জমে উঠেছে মাঠ। দেশের ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতাপূর্ণ এই লিগের প্রথম দিনেই অনুষ্ঠিত হচ্ছে ছয়টি ম্যাচ। এর মধ্যে একদিকে ব্যাটিং দাপটে ২২ রানে জিতেছে লেজেন্ডস অব রূপগঞ্জ, অন্যদিকে লড়াই করে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জ ২২ রানের জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ ওভারে ৩ উইকেটে ২৮৩ রানের বড় সংগ্রহ গড়ে রূপগঞ্জ। ইনিংসের ভিত্তি গড়ে দেন ওপেনার আশিকুর রহমান শিবলি, যিনি ৮৪ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও তার ইনিংস ছিল দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঝে ইরফান শুক্কুর খেলেন ৫১ বলে ৬০ রানের কার্যকর ইনিংস।
শেষ দিকে সামিউন বাশির রাতুল ২২ বলে ৪৬ রানের ঝড়ো ক্যামিও খেলেন। অধিনায়ক শেখ মেহেদী হাসানও মাত্র ১৬ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যা দলকে বড় সংগ্রহে পৌঁছে দেয়। জবাবে ব্যাট করতে নেমে রূপগঞ্জ টাইগার্সও লড়াই চালিয়ে যায়। তবে নির্ধারিত ৩৪ ওভারে ৭ উইকেটে ২৬১ রান পর্যন্তই যেতে পারে তারা। লক্ষ্য বড় হওয়ায় শুরু থেকেই চাপ ছিল। কালাম সিদ্দিকী ও মুক্তার আলির লড়াকু ফিফটিও তাদের ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২২ রানে হেরে যায় তারা।
দিনের আরেক ম্যাচে বিকেএসপি গ্রাউন্ডে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে অগ্রণী ব্যাংক ২৯.১ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়া মাহফিজুল ইসলাম রবিন ২২, নাসির হোসেন ২২ এবং তৌফিক খান তুষার ১৭ রান করেন। তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি, ফলে মাঝারি মানের সংগ্রহেই থামে দলটি।
প্রাইম ব্যাংকের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয়, যা অগ্রণীকে বড় স্কোর গড়তে দেয়নি।জবাবে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ২৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে লক্ষ্য ছুঁয়ে ফেলে। কিছুটা উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিশ্চিত করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন জাতীয় দলের খেলোয়াড় তানজিদ তামিম (৪৪)।