ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের উদ্বোধনী দিনেই একপেশে ম্যাচের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। দিনের ছয় ম্যাচের একটি ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে শোচনীয়ভাবে ৯ উইকেটে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্রাদার্স মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় (২৯.৪ ওভার)। পুরো ইনিংসজুড়ে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন শাহরিয়ার কোমল। এছাড়া ফয়সাল আহমেদ রায়হান করেন ২১ রান।বাকিদের কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।গাজী গ্রুপের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন।
নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন তারা, ফলে বড় সংগ্রহ গড়া তো দূরের কথা, ন্যূনতম লড়াইয়ের পুঁজি গড়তেও ব্যর্থ হয় ব্রাদার্স। জবাবে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। মাত্র ১৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৩ রান তুলে নেয় তারা। নাঈম আহমেদ একাই তুলে নেন ৪৮ রান। যোগ্য সঙ্গ দিয়ে রুবেল মিয়া যোগ করেন ১৮ রান। ফলে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় গাজী গ্রুপ।এমন একতরফা হারে মৌসুমের শুরুতেই চাপে পড়ে গেল ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে দাপুটে জয় দিয়ে ডিপিএল অভিযান শুরু করল গাজী গ্রুপ ক্রিকেটার্স।