বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটার সরবরাহে যুগান্তকারী ভূমিকা পালন করছে বগুড়া। মুশফিকুর রহীম, সফিউল ইসলাম সুহাস কিম্বা তানজিদ তামিম ও তাওহিদ হৃদয়দের পথ ধরে বয়স ভিত্তিক দলে একের পর এক নাম যুক্ত করে চলেছে বগুড়া। অনুর্ধ্ব-১৫, ১৭ জাতীয় দলে একাধিক উদীয়মান ক্রিকেটার জায়গা করে নেওয়ার পর এবার অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে আরও দুই উদীয়মান তরুণ। সদ্য ঘোষিত জাতীয় দলের ৪৫ জনের ক্যাম্পে ডাক পেয়েছে বগুড়ার ইলমান হাবিব এবং রিয়াদ সেখ।
জানাগেছে, অনুর্ধ্ব-১৯ জাতীয় দল গঠনের লক্ষে সারাদেশ থেকে বাছাই করা ৪৫ জনকে নিয়ে ন্যাশনাল ক্যাম্প আয়োজন করছে ক্রিকেট বোর্ড। সেই ক্যাম্পে ডাক পেয়েছে বগুড়ার ছেলে ইলমান হাবিব এবং রিয়াদ সেখ। ইলমান হাবিব রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ষ্পোর্টস সায়েন্স বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্র, রিয়াদ সেখ বগুড়ার বীট মডেল স্কুলে দশম শ্রেণিতে পড়ছে। দুজনই স্থানীয় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির নিয়মিত ছাত্র। তারা বগুড়া জেলার বিভিন্ন বয়স ভিত্তিক দলেও খেলে থাকে।