১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। জুনেই হবে এই সফর। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে অসিরা। ওয়ানডে সিরিজটি হবে মিরপুরে। টি-টোয়েন্টি চট্টগ্রামে। সফরের জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল বাছাই করেছেন নির্বাচকরা। তবে তারকা একাধিক ক্রিকেটারই নেই এবারের সফরে। ৯, ১১ ও ১৪ জুন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭, ১৯ ও ২১ জুন হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচ দুপুর ২টায় শুরু হবে। চট্টগ্রামে প্রথম দুই টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টায় এবং শেষ টি-টোয়েন্টি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০২১ সালে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারা ৪-১ ব্যবধানে হেরেছিল। এর আগে ২০১৭ সালে এসে দুই টেস্ট খেলেছিল।
ঢাকায় ম্যাচ হারলেও অস্ট্রেলিয়া টেস্ট জেতে চট্টগ্রামে। এছাড়া সবশেষ তারা ওয়ানডে খেলেছিল ২০১১ সালে। ওয়ানডে বিশ্বকাপের পরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল শেন ওয়াটসন, মিচেল জনসনরা। পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে। পাকিস্তানের বিপক্ষে তারা খেলবে তিন ওয়ানডে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন সিডনি সিক্সার্সের জোয়েল ডেভিস।