বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান দল। ঘোষিত স্কোয়াডের প্রথম বহর গতকাল রোববার ভোর সোয়া ৪টায় করাচি থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছায় পাকিস্তান দলের প্রথম ভাগের সদস্যরা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় প্রথম বহরে দলের সঙ্গে বাবর আজম, পেসার খুররম শেহজাদও ফাইনালের জন্য পাকিস্তানে আছেন।আজ সোমবার তারা বাংলাদেশে পৌঁছাবেন। বাংলাদেশের পেস তারকা নাহিদ রানাও থাকবেন পিএসএলের ফাইনালে। বাবরদের সঙ্গে তার ঢাকায় আসার কথা রয়েছে।

দুম্যাচে টেস্টের জন্য গতমাসের মাঝামাঝিতে ১৬ সদস্যের দল ঘোষনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট দলের নেতৃত্বে আছেন শান মাসুদ। লাল বলের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার - আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি আছেন। তারকাদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি আছেন দলে।টেস্ট দলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। বাংলাদেশ সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আসাদ শফিক, বোলিং কোচের দায়িত্বে আছেন উমর গুল।

দুই ম্যাচের সিরিজটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট আগামী ৮ মে শুরু হবে ঢাকায়। ১৬ মে দ্বিতীয় টেস্ট সিলেটে।

পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।