ক্রিকেটের অগ্রগতি ও আধুনিকায়ণে বেশ কিছু যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় টেস্ট ক্রিকেট, নারী ক্রিকেট, সহযোগী দেশগুলোর অংশগ্রহণ এবং ক্রিকেটকে আরও আধুনিক ও আকর্ষণীয় করতে বেশ কিছু নতুন নিয়ম অনুমোদন দেয়া হয়েছে। গত ৩১ মে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তগুলো ১ জুন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে আইসিসি। এর মধ্যে সবচেয়ে বড় খবর হলো, সদস্যপদের শর্ত ও নিয়মাবলি গুরুতরভাবে লঙ্ঘন করায় ক্রিকেট কানাডাকে তাৎক্ষণিকভাবে স্থগিত (সাসপেন্ড) করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি জানিয়েছে, ক্রিকেট কানাডার প্রশাসনিক ও গভর্ন্যান্সের ঘাটতিগুলো খতিয়ে দেখতে একটি ‘নরমালাইজেশন কমিটি’ গঠন করা হয়েছে এবং তাদের পুনর্বহালের জন্য কিছু শর্ত বেঁধে দেওয়া হবে। তবে বোর্ডের এই প্রশাসনিক জটিলতার কারণে খেলোয়াড়রা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য কানাডার জাতীয় দলগুলো আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিতে পারবে। এমনকি আইসিসির নিজস্ব তত্ত্বাবধানে তাদের জন্য ফান্ডের ব্যবস্থাও চালু থাকবে।

বোর্ড সভায় টেস্ট ক্রিকেটে আলোকস্বল্পতার সমস্যা সমাধানে পরীক্ষামূলকভাবে গোলাপি বল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে টেস্ট ম্যাচ চলাকালীন আলো কমে গেলে বা খারাপ আলোর আশঙ্কা থাকলে, অংশগ্রহণকারী দুই দলের সম্মতিতে ঐতিহ্যবাহী লাল বলের পরিবর্তে ‘গোলাপি বল’ ব্যবহার করা যাবে। এছাড়া আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়া আরও কমিয়ে আনতে এমসিসির সঙ্গে যৌথভাবে লাইটিং প্রযুক্তির গবেষণায় অর্থায়নের পরিকল্পনাও নিশ্চিত করেছে আইসিসি।

সহযোগী দেশগুলোর ক্রিকেটের প্রতি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান দর্শকপ্রিয়তা ও আগ্রহের কথা বিবেচনা করে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ‘গ্লোবাল কোয়ালিফায়ার’ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ দলের এই গ্লোবাল কোয়ালিফায়ারের প্রতিযোগিতা কাঠামো এবং বাছাইপর্বের পথ চূড়ান্ত করার জন্য ম্যানেজমেন্টকে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া প্লেয়িং কন্ডিশনে একঝাঁক বড় পরিবর্তন এনেছে আইসিসি। এমসিসি প্রণীত নতুন ক্রিকেট আইনের অংশ হিসেবে মোট ৭৩টি পরিবর্তন অনুমোদন পেয়েছে, যা ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এসব পরিবর্তনের মধ্যে মাল্টি-ডে ম্যাচের শেষ ওভার সম্পন্ন করা এবং ব্যাটিং সংক্রান্ত কিছু নিয়মও অন্তর্ভুক্ত রয়েছে।

লেগ-সাইড ওয়াইড: বোলার বল ছোড়ার মুহূর্তে ব্যাটারের অবস্থানের ওপর ভিত্তি করে লেগ-সাইডের ওয়াইড নির্ধারণের পরীক্ষামূলক নিয়মটি এবার স্থায়ীভাবে চালু করা হলো।

বোলিং অ্যাকশন যাচাই: ম্যাচ অফিশিয়ালরা এখন থেকে সন্দেহভাজন অবৈধ বোলিং অ্যাকশনের রিপোর্ট বিবেচনার ক্ষেত্রে সরাসরি ‘হক-আই’ ডেটা ব্যবহার করতে পারবেন।

ড্রিংকস ব্রেকে কোচের পরামর্শ: ম্যাচ চলাকালীন নির্ধারিত ড্রিংকস ব্রেকে দলের প্রধান কোচ বা তাদের মনোনীত প্রতিনিধিরা মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কৌশলগত বিষয়ে কথা বলতে পারবেন।

টি-টোয়েন্টিতে বিরতি: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এখন থেকে ১৫ মিনিটের বাধ্যতামূলক ইনিংস বিরতি বা ইন্টারভাল থাকবে।নারী ক্রিকেট নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আইসিসির সর্বশেষ বোর্ড সভায়। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস ট্রফি জুন-জুলাই থেকে এগিয়ে এখন ওই বছরের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ২০২৮ সালের নারী বিশ্বকাপের দল ১০টি থেকে বাড়িয়ে ১২টি করা হচ্ছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল ও স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। স্বাগতিক দেশ আগেই কোয়ালিফাই করে ফেললে র‌্যাঙ্কিংয়ের পরের শীর্ষ দলগুলো বিশ্বকাপে জায়গা পাবে। বাকি দুটি দল আসবে ১০ দলের বাছাইপর্ব খেলে। এই বিশ্বকাপের আয়োজক পাকিস্তান হলেও, ভারতের ম্যাচগুলো একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে।

এদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ শাসনব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনি প্রক্রিয়া ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে আইসিসি প্রতিনিধি ড. মোহাম্মদ মুসাজি এবং তাভেংওয়া মুকুলানি বাংলাদেশে এসেছেন। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবি নির্বাচনী প্রক্রিয়াসহ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন আইসিসি বোর্ডের এই দুই প্রতিনিধি।

অন্যদিকে, শ্রীলঙ্কার পরিস্থিতি মূল্যায়নে আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ইতিমধ্যেই অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন। সভায় বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অতিরিক্ত আধিপত্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কীভাবে আরও ভালো সমন্বয় করা যায়, তা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।