আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। সীমিত ওভারের ক্রিকেট ছেড়ে বাংলাদেশ এবার নামছে টেস্ট পরীক্ষায়। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। টেস্টের আগে পরিসংখ্যানে কোন দল এগিয়ে? সামগ্রিক পরিসংখ্যান হিসেব করলে পাকিস্তান স্বাভাবিকভাবেই টেস্টে বাংলাদেশের চেয়ে শক্তিশালী। এখন পর্যন্ত দুই দল ১৫ টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১২টিতেই, একটি টেস্ট ড্র হয়েছে। বাংলাদেশের জয় দুই টেস্টে। তবে বাংলাদেশের সমর্থকদের জন্য আশার খবর। জয় পাওয়া ওই দুই টেস্টই সবশেষ পরিসংখ্যান। অর্থাৎ সাম্প্রতিক ফর্মের বিচারে পাকিস্তানের থেকে এগিয়ে বাংলাদেশ। ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের মাটিতে গিয়ে ওই দুই টেস্ট জিতে এসেছিল বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবারের মতো তাদের ঘরে হোয়াইটওয়াশ করার কীর্তিও সেটি। দুটি টেস্টই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে টাইগারদের জয় ৬ উইকেটে। ওই দুই টেস্টের পর এবারই প্রথমবার লাল বলের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। গতকাল দুপুরে মিরপুরে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে হয়েছে এই সিরিজের ট্রফি উন্মোচন।এর আগে দুই দলের খেলোয়াড়দের মিরপুরে শেষ করেছেন অনুশীলন পর্ব। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলতে আসা পাকিস্তান পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে বাংলাদেশে। দুই দলের শেষ টেস্ট সিরিজটা হয়েছিল পাকিস্তানের মাটিতে। ২০২৪ সালের সেই সিরিজে ২-০ তে জিতেছিল বাংলাদেশ। তবে এই সিরিজে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন পাকিস্তান দলের ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি। টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে আর পাকিস্তানের অবস্থান ৬। আর চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশ খেলেছে দুই ম্যাচ। যেখানে এক ড্রয়ের সাথে হারতে হয়েছে আরেকটিতে। চার পয়েন্ট নিয়ে টেবিলে বাংলাদেশের অবস্থান ৮-এ। এই চক্রে পাকিস্তানও খেলেছে দুই টেস্ট। একটাতে জয় পেলেও হারতে হয়েছে আরেকটিতে।