নির্বাচনের পথে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সোমবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়ার পর তৃতীয় সভা অনুষ্টিত হয়েছে। যেখানে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশালÑএই তিন বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার আগের অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর আগে, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ এই কমিটিগুলো দিয়েছিল।
সভায় বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন আয়োজনের প্রথম পদক্ষেপ হিসেবে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে। বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে ওই নোটিশে। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১-এ আছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো, জেলা প্রশাসকেরা এই মনোনয়ন দেন। ক্যাটাগরি-২-এ আছে ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ৭৬টি ক্লাব, সব কটি ক্লাব থেকে একজন করে কাউন্সিলর হন। আর ক্যাটাগরি-৩-এ আছেন সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা।
জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন করতে চাওয়ার কথা আগে জানিয়েছিলেন সভাপতি তামিম। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুজন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হবে।এছাড়া মাঠের প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও বড় সুখবর দিয়েছে বিসিবি। আগামী দুই বছরের জন্য বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে 'কোকা-কোলা বাংলাদেশ'। বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটি এখন থেকে বিসিবির সব কার্যক্রমে পানীয় ও জলীয় পুষ্টির সহায়তায় যুক্ত থাকবে।